নুসরাতের ঘনঘন যাতায়াত, যশের বাড়ি ছাড়লেন পুনম

যশ দাশগুপ্তের সঙ্গে পুনম ঝার পরিচয় অনেক দিনের। অভিনেতার বাবা-মা ও যশের আগের পক্ষের ছেলেকে নিয়ে থাকতেন তিনি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যশের পা রাখা থেকে রাজনৈতিক জীবনের একাধিক সিদ্ধান্ত পুনমের দেওয়া। তিনি এবার যশের বাড়ি ছাড়লেন!

সম্প্রতি ইনস্টাগ্রামে পুনমের পোস্ট করা একটি সাদা-কালো ছবি দেখে নেটিজেনদের দোহাই দিয়ে এই প্রশ্ন ও সম্ভাব্য উত্তর খুঁজে নিয়েছে কলকাতার সংবাদমাধ্যম।

ইনস্টাগ্রামে একটি সাদা-কালো ছবি পোস্ট করে পুনম লেখেন, ‘রঙিন ছবি যেমন বর্ণনা করতে পারে, তেমনই সাদা-কালো ছবি অনেক অন্য রকম কথা বলে।’

কোনো দিন নিজের বা যশের বিষয়ে মুখ খোলেননি পুনম। কোনোভাবে সংবাদমাধ্যমের সামনেও আসেননি। শোনা যায়, বিজেপির তৎকালীন সহসভাপতি মুকুল রায়ের সঙ্গে যশের সাক্ষাৎকারও তার উপস্থিতিতেই হয়েছিল। তার পরেই যশ বিজেপিতে যোগ দেন এবং বিধানসভা ভোটে দাঁড়ান। অবশ্য নির্বাচনে হেরে যান অভিনেতা। রাজনীতির চেয়ে তৃণমূল সংসদ সদস্যের সঙ্গে তার সম্পর্ক নিয়েই আলোচনা হয়েছে বেশি।

এখন প্রশ্ন, সেই দীর্ঘকালের সঙ্গী পুনম আচমকাই যশের বাড়ি থেকে চলে এলেন কেন? সংবাদমাধ্যমগুলোর অনুমান, যশের জীবনে নুসরাত জাহানের প্রবেশের পর্যায় থেকে তার মা হওয়া— এই ঘটনাপ্রবাহই সম্ভবত পুনমের মন ভেঙে দিয়েছে।

কিন্তু তা হলে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যশের ‘ছায়াসঙ্গী’ হয়েছিলেন কেন পুনম? তখন তো ‘যশরত’-এর প্রেম তুঙ্গে! নির্বাচনের আগে সময়টায় যশ সারা দিন নুসরাতের বাড়িতে থেকে মধ্যরাতে ছেলে, বাবা-মা এবং পুনমের কাছে ফিরতেন।

পুনম তো জানতেন ‘যশরত’-এর প্রেমের গল্প। কিন্তু তখন তো তিনি সরে আসেননি! তা হলে এমন কী ঘটল? এখন কেন তিনি জমি ছেড়ে দিলেন? ঘনিষ্ঠদের একাংশ বলছে, পুত্র ঈশানের জন্ম হওয়ার পরে নুসরাত ঘনঘনই ছেলেকে নিয়ে যশের বাড়ি হাজির হচ্ছেন। নুসরাতের পক্ষে সেটাই স্বাভাবিক। হয়তো সেই কারণে যশের বাড়ি ছাড়লেন পুনম।