রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে প্রাইভেট কারের ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উত্তরা থেকে মো. শাকিল নামের ওই চালককে গ্রেপ্তার করা হয়। ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ইসিবি চত্বর আর্মি মার্কেটের সামনে বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কারের ধাক্কায় আবুল কালাম আজাদ শান্ত নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শান্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
ওসি বলেন, শান্তকে ধাক্কা দেওয়ার আগে বেপরোয়া গতিতে আসা ওই প্রাইভেট কার একটি মটরসাইকেলকে ধাক্কা দেয়, তাতে ওই মোটরসাইকেলের আরোহী আহত হন। শান্ত এ দৃশ্য দেখে প্রাইভেটকারটিকে থামনোর চেষ্টা করে। কিন্তু চালক তাকে সজোরে ধাক্কা দিয়ে গাড়ি রেখে পালিয়ে যায়।
ঘাতক গাড়িটিতে চালক ছাড়াও আরো একজন ছিলেন জানিয়ে ওসি বলেন, “সেই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”