ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদিন করোনা আক্রান্ত কেউ মারা যায়নি। 

মৃতদের মধ্যে ময়মনসিংহের ৩ জন, নেত্রকোনার ২ জন ও জামালপুরের একজন রয়েছে। মৃত সকলেই পুরুষ।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৪৫ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

করোনা উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আব্দুল কুদ্দুস (৭০), ত্রিশাল উপজেলার সুলতান ব্যাপারী (৭০), ভালুকা উপজেলার শফিকুল ইসলাম (৪০), নেত্রকোনা কলমাকান্দা উপজেলার রামীম (২৫), মদন উপজেলার আলতাবুর রহমান (৭০) এবং জামালপুর সদরের খোরশেদ আলী (৭০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১১০ জন রোগী ভর্তি আছেন।

এদের মধ্যে আইসিইউতে ৫ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬০ টি নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫২৪ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৩ জন।