বাগেরহাটে ট্রাকের ধাক্কায় সাবেক ক্রিকেটারের মৃত্যু

বাগেরহাটে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাবেক ক্রিকেটার রেজওয়ানুল ইসলাম রিদুর (৩৫) মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাতটার দিকে বাগেরহাট শহরতলীর মাজার-মুণিগঞ্জ সড়কের কুলিয়াদাইড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রেজওয়ানুল ইসলাম রিদু বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাদে কাড়াপাড়া গ্রামের শেখ আব্দুর রাজ্জাকের ছেলে।

তিনি বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ছিলেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, শনিবার সকালে রেজওয়ানুল ইসলাম রিদু মোটরসাইকেলে চড়ে পার্শ্ববর্তী যাত্রাপুর বাজারে যান। সেখান থেকে ফেরার পথে কুলিয়াদাইড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।