শনিবার প্রথম প্রহরে আরও দুই জেল পলাতক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। সপ্তাহের শুরুতে ইসরায়েলের সর্বোচ্চ সুরক্ষিত কারাগার থেকে পালিয়েছিল যায় তারা।
আল জাজিরা জানায়, এ নিয়ে চার পলাতককে আটক করেছেন দখলদাররা। আরও দুই কয়েদির খোঁজে কড়া তল্লাশি চলছে।
শনিবার আটক দুজনের নাম জাকারিয়া জুবেইদি ও মাহমুদ আল-আরিদা। তাদের উত্তর ইসরায়েলের একটি ট্রাক গ্যারেজে পাওয়া যায়।
ওই সময় জুবেইদি প্রতিরোধের চেষ্টা করে বলে জানায় পুলিশ।
এর আগে শুক্রবার দুজনকে আটকের কথা জানানো হয়। তাদের নাজারাতের একটি ধর্মীয় তীর্থের কাছাকাছি এলাকা থেকে আটক করা হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, শুক্রবার আটক দুই ব্যক্তি ফিলিস্তিনি সংগঠন ইসলামি জিহাদের সদস্য। তবে পুলিশ তাদের কোনো পরিচয় জানায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, দুজনকে ব্যক্তিকে আলাদা আলাদা গাড়িতে তোলা হচ্ছে।
গত সোমবার সুড়ঙ্গ খুঁড়ে অতি সুরক্ষিত গিবোয়া কারাগার থেকে পালিয়ে যায় ছয় কয়েদি। তাদের খোঁজে ইসরায়েল জোর তল্লাশি শুরু করে।
এ দিকে শুক্রবার অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের রাস্তায় নেমে পলাতকদের সমর্থন জানায় ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলিদের দেওয়া শাস্তির বিরুদ্ধেও প্রতিবাদ জানায় তারা।