মানিকগঞ্জের সাটুরিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই সৎ ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে শনিবার সকালে গ্রেপ্তার করেছে সাটুরিয়া পুলিশ।
বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আশরাফুল আলম নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত সুজন তার সৎবোনকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল। একপর্যায়ে সৎ বোন ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সাটুরিয়া থানা-পুলিশকে মৌখিকভাবে জানায় স্থানীয়রা।
ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আশরাফুল আলম ভুক্তভোগীকে উদ্ধার করে তার শারীরিক পরীক্ষা করার জন্য সাটুরিয়া হাসপাতালে পাঠায়।
ভুক্তভোগীর মা বলেন, মেয়ের গর্ভে থাকা ৪ মাসের সন্তানটি নষ্ট করার জন্য বিভিন্ন ওষুধ খাওয়ানো হয়। এরপর থেকে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে পুলিশের সহায়তায় মেয়েকে হাসপাতালে ভর্তি করি।
এদিকে সাটুরিয়া হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন অর রশিদ ওই ছাত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টির সত্যতা পাওয়া গেছে।
তিনি আরও জানান, তার শারীরিক অবস্থা অবনতি থাকায় মেয়েটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সৎ ভাইকে কৌশলে তাকে গ্রেপ্তার করেছি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে সৎ ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।