বদরগঞ্জে মেয়ের বিয়েতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবার মৃত্যু

রংপুরের বদরগঞ্জে মেয়ের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বাবা আতিয়ার রহমান (৫০)।

শুক্রবার রাতে কালুপাড়া ইউনিয়নের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার দামোদরপুর ইউনিয়নের প্রামানিক পাড়ায়।

প্রতিবেশী ও থানা সূত্রে জানা গেছে, কনে আইরিন নাহার কালুপাড়া ইউনিয়নের উত্তরপাড়ায় নানা আব্দুল গাফফারের কাছেই বেড়ে ওঠেন। শুক্রবার তার বিয়েতে বাবাসহ অন্য আত্মীয়-স্বজন উপস্থিত হন।

এ সময় আনুমানিক রাত ১০টার সময় বরপক্ষের লোকজনকে খাওয়ানোর সময় বাবা আতিয়ার রহমান অসাবধনতাবশতঃ বৈদ্যুতিক তারে হাত দেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান।