সোনারগাঁ উপজেলার উপনির্বাচনে নৌকার প্রার্থী শামসুল ইসলাম

সোনারগাঁ উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আ. লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সোনারগাঁ আ. লীগের আহ্বায়ক প্রবীণ নেতা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।

শনিবার দুপুরে আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার হাতে এ মনোনয়নপত্র প্রদান করা হয়।

গত ২২ জুলাই সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন এখানে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেন। আগামী ৭ অক্টোবর এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া দীর্ঘ ৫৭ বছর যাবৎ আ. লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

উপনির্বাচনে মোট আটজন আ. লীগের মনোনয়ন চেয়েছিলেন, মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ছয়জনই সোনারগাঁ আ. লীগের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। আহ্বায়ক কমিটির ছয়জনের মধ্যে আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সদস্যের মধ্যে উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু ও জেলা আ. লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন।

অন্যদিকে কমিটির বাইরে থাকা দুজন হলেন সোনারগাঁ উপজেলা আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান কালাম ও প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেনের ভাই ব্যবসায়ী মো. মনির হোসেন।