জনরায় মেনে নেওয়ার সৎসাহস শেখ হাসিনার আছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোনো সাংবিধানিক পথ নেই। নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের পরবর্তী সরকার নির্বাচন করবে।

শনিবার বিকেলে নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তেরো বছরের ব্যর্থতার গ্লানি মুছে বিএনপিকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের রায় মেনে নেওয়ার সৎসাহস শেখ হাসিনার আছে। তাই এদিক-ওদিক না ঘুরে নির্বাচনের প্রস্তুতি নিন।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্র করে গত একযুগ ধরে কোনো লাভ হয়নি, বাকি সময়েও লাভ হওয়ার সম্ভাবনা ক্ষীণ।’

আন্দোলন শুরু হলে, মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়বে- বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ ঝাঁপিয়ে পড়াতো দূরের কথা, আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারাই ঝাঁপ বন্ধ করে ঘরে অবস্থান নেয়। হিন্দি সিরিয়াল দেখে আর জানালা দিয়ে উঁকিঝুঁকি মেরে পুলিশের গতিবিধি লক্ষ্য করে।

তিনি বলেন, ১২ বছর ধরে বিএনপির কথিত আন্দোলনের ডাক রাজপথে কোনো কম্পন তুলতে পারেনি। ফেইসবুক আর মিডিয়ায় যতটা গর্জে, বাস্তবে রাজপথে ততটা বর্ষে না।

আন্দোলনের জন্য প্রয়োজন জনঘনিষ্ঠ ইস্যু ও জুতসই সময়- এমনটা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও গণমুখী রাজনীতিতে বিরোধী দলগুলো ইস্যুর খরায় ভুগছে।

তিনি বলেন, জনমানুষের প্রয়োজনে জনগণের পাশে না দাঁড়ালে, জনগণও কখনো কোনো রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দেয় না। এসব কথা বুঝতে পেরেই বিএনপি অগণতান্ত্রিক পথে ক্ষমতা ফিরে পেতে ব্যাকুল হয়ে দিগ্বিদিক ছুটছে।