মার্চে প্রোটিয়া সিরিজের দিনক্ষণ চূড়ান্ত

নিউজিল্যান্ডে জয় নেই বাংলাদেশের। ঠিক তেমনি দক্ষিণ আফ্রিকাতেও জয়ের দেখা নেই। গত মার্চে নিউজিল্যান্ড সফরে প্রথম জয়ের খোঁজে ব্যর্থ হয় বাংলাদেশ। আগামী মার্চে দক্ষিণ আফ্রিকায় প্রথম জয়ের খোঁজে নামবে টাইগাররা। গতকাল তিন ওয়ানডে ও দুই টেস্টের হোম সিরিজের সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। শুধু বাংলাদেশ সিরিজই নয়, নিজেদের গ্রীষ্ম মৌসুমের সব সিরিজের সূচিই ঘোষণা করেছে তারা। 

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের এ সফরের সবকটি ম্যাচই আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ। তিন ওয়ানডে সিরিজ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। আর ২ টেস্টের সিরিজ বিশ্ব টেস্ট সিরিজের অংশ। ওয়ানডে সিরিজ দিয়ে আগামী ১৮ মার্চ শুরু হবে দুই দলের লড়াই। পরের দুই ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। ৩০ মার্চ শুরু প্রথম টেস্ট, ৭ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্ট। অবশ্য ৫ ম্যাচের কোনোটিরই ভেন্যু চূড়ান্ত হয়নি এখনো। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ২৬ নভেম্বর শুরু প্রোটিয়াদের এবারের গ্রীষ্ম। এই সিরিজটিও আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। এরপর ভারতের বিপক্ষে হোম সিরিজে খেলবে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি। ২৬ জানুয়ারি এই সিরিজ শেষে তারা যাবে নিউজিল্যান্ড সফরে। সেখান থেকে ফিরে আবার দেশের মাঠে লড়বে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ সবশেষ দক্ষিণ আফ্রিকায় সফর করেছে ২০১৭ সালে। এছাড়া ২০০২ ও ২০০৮ সফর মিলিয়ে দেশটিতে তিন সংস্করণে মোট ১৯ ম্যাচের সবগুলোয় হেরেছে বাংলাদেশ।