আলোচনা সভায় জিএম কাদের

বিশ্বে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দেশ সফর করে করোনার টিকা না পেয়ে দেশে এসে গভীর হতাশা প্রকাশ করেছেন। গণমাধ্যমের সামনে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ধনী দেশগুলো নাকি বাংলাদেশকে টিকা দিতে রাজি হচ্ছে না। যদি তাই হয় তাহলে, বিশ্বে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে।’

গতকাল শনিবার দুপুরে রাজধানীর বারিধারায় জাতীয় যুব সংহতির এক সভায় এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘১৯৯৬ সালে পাসপোর্টভিত্তিক জরিপে বাংলাদেশের অবস্থান ছিল ৯৬তম। একই জরিপে বাংলাদেশের অবস্থান নিম্নগামী হতে হতে বর্তমানে ১০৬তম অবস্থানে এসেছে। বিশ্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের মর্যাদা বাড়তে পারে কিন্তু সাধারণ মানুষের মর্যাদা মোটেই বাড়েনি, বরং কমেছে। তাই এখন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কেউ দেশের বাইরে গেলে তাকে নানা রকম হয়রানির শিকার হতে হচ্ছে।’