‘সারারাত্তির’ মঞ্চে এনেছে চট্টগ্রামের প্রসেনিয়াম

চট্টগ্রামের নাটকের দল প্রসেনিয়াম মঞ্চে এনেছে নতুন নাটক ‘সারারাত্তির’। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় একই মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। ‘মনন থেকে মঞ্চে’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে প্রসেনিয়ামের যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালের ২৫ অক্টোবর। প্রায় এক বছরের প্রস্তুতি শেষে নাটকটি মঞ্চে এনেছে দলটি। ‘সারারাত্তির’ দলটির প্রথম প্রযোজনা।

করোনা পরিস্থিতিতে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর এই নাটকের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফের নাট্য প্রদর্শনী শুরু হয়েছে বলে জানিয়েছেন ‘সারারাত্তির’ নাটকের নির্দেশক মোকাদ্দেম মোরশেদ।

নাটকটি প্রসঙ্গে নির্দেশক মোকাদ্দেম মোরশেদ বলেন, ‘দলের প্রথম নাটক হিসেবে বাদল সরকারের সংলাপনির্ভর ‘সারারাত্তির’ নাটকটি নির্বাচন করা হয়। নাটকটি ষাট দশকের লেখা হলেও আশ্চর্য রকম সত্য আজকের জন্য, আগামীকালের জন্য। শুধুমাত্র তিনজনের কথপোকথনে নাটকটির গল্প এগিয়ে যায়। এ গল্পের নির্দিষ্ট কোনো স্থান কাল নেই, উসকে দেওয়া মনের গভীরে চাপা পড়া অব্যক্ত কথনের ব্যক্ত রূপ, তাই এক্সিকিউশন প্যাটার্নেও নিরেট রিয়েলিস্টিক কাঠামোর বাইরে কিছুটা স্যুরিয়েলিস্টিকের ছোঁয়া রাখা হয়েছে। মঞ্চ পরিকল্পনায় মাল্টি ডিরেকশনাল অবয়বেও যেন গল্পের অস্থিরতা বিদ্যমান, সঙ্গে আলো আবহের মিশেল তো আছেই।’

বাদল সরকার রচিত ‘সারারাত্তির’ নাটকের প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন প্রতীক গুপ্ত, ফারহানা আনন্দময়ী ও মিশফাক রাসেল। আলোক পরিকল্পনা করেছেন মোসলেম উদ্দিন শিকদার এবং মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন সিরাজাম মুনিরা স্বর্ণা। কোরিওগ্রাফি মিতাশা মাহরিন, আবহ পরিকল্পনায় মোকাদ্দেম মোরশেদ এবং শব্দ প্রক্ষেপণে দিদারুল আলম।