মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জালশুকা গ্রামে পঞ্চম শ্রেণি পড়–য়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার সৎ ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত সুজন মিয়া (২২) একই গ্রামের মো. হাসান আলীর ছেলে। এ ঘটনায় সুজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন মেয়েটির মা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরেই তার সৎ বোনকে ধর্ষণ করে আসছে সুজন। একপর্যায়ে মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ করলে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়।
সাটুরিয়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন অর রশিদ জানান, অন্তঃসত্ত্বা বিষয়টির সত্যতা পাওয়া গেছে। মেয়েটির শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সাটুরিয়া থানার ওসি মুহাম্মাদ আশরাফুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।