স্ত্রীকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে যমুনার চরে ফেলে গেল স্বামী!

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের যমুনা নদীর নির্জন জোড়গাছা চরে কাশবনের মধ্যে থেকে হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় এক গৃহবধূকে (৩২) ফেলে গেছেন স্বামী।

শনিবার ভোরে ঘাস কাটা শ্রমিকেরা তাকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন।

অভিযুক্ত মাসুদ হোসেন (৪৫) বগুড়া সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের বাসিন্দা।

নারীকে উদ্ধারকারী নাটুয়ারপাড়া ইউনিয়নের চাঁন মিয়া বলেন, এ দিন সকালে আমি, ফজল, ভোলা ও রশিদ এ ৪ জন যমুনা নদীর জোড়গাছা চরের কাশবনে ঘাস কাটার জন্য যাই। এ সময় অন্য একটি নৌকার মাঝির ডাক চিৎকার শুনে সেখানে ছুটে গিয়ে হাত-পা বাঁধা বিবস্ত্র নারীটিকে উদ্ধার করে গামছা দিয়ে জড়িয়ে বাড়ি নিয়ে যাই। এরপর তাকে সেবাযত্ন করে কিছুটা সুস্থ হলে তাকে তার বাড়িতে পাঠিয়ে দেই।

 ভুক্তভোগী নারী জানান, তার স্বামী মাসুদ হোসেন সম্প্রতি তাকে না জানিয়ে গোপনে আরেকটি বিয়ে করেছেন। বিষয়টি জানার পর তিনি এর প্রতিবাদ করায় তার স্বামী তাকে প্রায়ই মারধর ও নির্যাতন করেন। এর জের ধরে শুক্রবার রাতে তার স্বামী মাসুদ হোসেন কয়েকজন সহযোগী নিয়ে তাকে রাস্তা থেকে অপহরণ করে হাত-পা ও মুখ বেঁধে নৌকায় তুলে এই মারধর ও বিবস্ত্র করে নির্যাতনের পর নির্জন এই কাশবনে ফেলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে কাজিপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার বলেন, বিষয়টি শুনেছি। কিন্তু এ বিষয়ে এখনো কেউ থানায় আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।