গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে একজন ও উপসর্গ নিয়ে দুইজন মারা যায়।
মৃতদের মধ্যে ময়মনসিংহের দুইজন ও শেরপুরের একজন রয়েছে। মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৪৮ জনের মৃত্যু হলো।
গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।
করোনা আক্রান্তে মৃত ব্যক্তি হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মোনহর (৬৫)।
এছাড়াও ময়মনসিংহ সদরের বিবেকানন্দ (৮১) এবং শেরপুর সদরের নুরজাহান (৪০) করোনা উপসর্গ নিয়ে মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ২৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১১০টি নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৩৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৫ জন।