ট্রেনের ধাক্কায় অটোরিকশা আরোহী বাবা-দুই ছেলে নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশা আরোহী এক বাবা ও তার দুই ছেলে নিহত হয়েছেন। রবিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার তালশহর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের সাদেক মিয়া এবং তার দুই ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)।

আশুগঞ্জ থানার এসআই ধর্মজিৎ সিংহ জানান, ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশা তালশহরের ভেতর দিয়ে শহর থেকে আশুগঞ্জ সদরের দিকে যাচ্ছিল। পথে তালশহর রেলক্রসিং অতিক্রম করার সময় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন।

পরে তাদের বাবা সাদেককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।