শ্রেণিকক্ষে ময়লা: অধ্যক্ষ-মাউশি কর্মকর্তা বরখাস্ত

আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ক্লাসরুমে ময়লা পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাছিবুর রহমান ও তদারকির দায়িত্বে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তা সেলিনা হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রবিবার এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

এর আগে সকালে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে প্রবেশের পর ময়লা দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী কক্ষ থেকে বের হয়ে যাওয়ার পরপরই ওই কক্ষে ধোয়া-মোছার কাজ শুরু করতে দেখা যায়।

এ বিষয়ে অধ্যক্ষ হাছিবুর রহমান বলেন, ‘আমাদের শ্রেণিকক্ষ এবং ওয়াশরুমগুলো পরিষ্কার ছিল। কিন্তু, একটি স্টোর রুমে সকালে কিছু পুরোনো চেয়ার-টেবিল জমা রাখা হয়েছে। সেখানে কিছু ময়লাও ছিল। হঠাৎ করে মন্ত্রী মহোদয় সে কক্ষে প্রবেশ করেন।’

সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখনো কিছু জানি না।’