মার্কিন যুক্তরাষ্ট্রে ৯/১১-র ভয়াবহ সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি ভিডিওতে আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরিকে কথা বলতে দেখা গেছে। এ থেকে প্রমাণিত হল যে, তার মারা যাওয়ার গুঞ্জনটি আদতেই সত্য নয়। শনিবার প্রকাশিত ভিডিওটির শিরোনাম ‘জেরুজালেম উইল নট বি জুডাইজড’, অর্থাৎ, জেরুজালেমকে ইহুদীদের হাতে দিয়ে দেওয়া হবে না।
গত বছরের নভেম্বরে গুঞ্জন উঠেছিল যে, ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ এই সহচর মারা গেছেন। এরপর চলতি বছরের জুনে জাতিসংঘ বলেছে, তার মৃত্যুর খবর সম্পর্কে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। খুব অসুস্থ অবস্থায় বেঁচে আছেন তিনি। এবার শনিবারের ভিডিও বার্তা থেকে তার বেঁচে থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেল।
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার মাস্টার মাইন্ড বা মূল পরিকল্পনাকারী ভাবা হয় জাওয়াহিরিকে, যিনি পেশায় একজন পেশায় শল্যচিকিৎসক ছিলেন। সেবছর যুক্তরাষ্ট্র যে ২২ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করেছিল তাতে ২ নম্বরে ছিল জাওয়াহিরির নাম।
জিহাদি গোষ্ঠীর অনলাইন কার্যকলাপের ওপর নজর রাখা যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে যে, জাওয়াহিরি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছেন।
সাইটের পরিচালক রীতা কাটজ টুইট করেছেন, ‘মৃত্যুর গুজবের মধ্যেই আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি ৬০ মিনিটের একটি নতুন ভিডিওতে দেখা দিয়েছেন। এবার তিনি কিছু প্রমাণ দেখিয়েছেন যে, তিনি মৃত নন, বিশেষ করে গত ডিসেম্বরের পরের কিছু ঘটনার উল্লেখ করেছেন তিনি। গত নভেম্বরে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল’।
ভিডিওতে জাওয়াহিরি সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিতে আল-কায়েদা-সমর্থিত হুররাস আল-দ্বীন পরিচালিত অভিযানের কথা বলছিলেন, যা গত ১ জানুয়ারি চলানো হয় বলে দাবি করেন তিনি।
ক্লিপটিতে জাওয়াহিরিকে ‘আল্লাহ তাকে রক্ষা করুন’ বলে পরিচয় করিয়ে দেওয়া হয়। ভিডিওতে তালেবান মিডিয়ার ক্লিপও ব্যবহার করা হয়েছে, যেখানে তালেবান যোদ্ধাদের দেখা যাচ্ছে।
রীতা কাটজ টুইট করেছেন, ‘এই ভিডিওতে তালেবান যোদ্ধাদের দেখানোর মাধ্যমে আল কায়েদার কাছে তালেবানের গুরুত্বই তুলে ধরা হয়েছে। এবং আফগানিস্তানে তালেবানের বিজয় যে আল-কায়েদারই বিজয় তা বোঝানো হয়েছে’।
তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পশ্চিমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ দেখালেও আল-কায়েদার সঙ্গে তাদের গোপন সম্পর্ক বজায় রয়েছে। আল কায়েদাও স্পষ্ট করেছে, তাদের জন্য আফগানিস্তানের নতুন ইসলামিক আমিরাত একটি বড় বিজয়।
২০১১ সালে মার্কিন নেভি সিল বাহিনী পাকিস্তানের জালালাবাদে ওসামা বিন লাদেনকে হত্যার পর তার দীর্ঘদিনের সহযোগী আয়মান আল জাওয়াহিরি আল কায়েদার দায়িত্ব নেন। ২০১১ সালের ১৬ জুন আল-কায়েদার নতুন নেতা হিসেবে তার নাম ঘোষিত হয়। তাকে সর্বশেষ ২০০১ সালে আফগানিস্তানের খোস্ত শহরে দেখা যায়। এরপর আর তিনি প্রকাশ্যে আসেননি।