মিম, মেহজাবিনের প্রত্যাখ্যাত ভারতীয় সিনেমায় বাঁধন?

বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাধন নেটফ্লিক্সের প্রযোজনায় ভারতীয় পরিচালক বিশাল ভরদ্বাজের আসন্ন প্রকল্প ‘খুফিয়া’র জন্য যোগাযোগ করেছেন বলে গুঞ্জন উঠেছে।

এই সিনেমাটি এর আগে খ্যাতিমান বাংলাদেশী অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম এবং মেহজাবিন চৌধুরী প্রত্যাখ্যান করেছিলেন। কারণ এর স্ক্রিপ্টে বাংলাদেশকে খারাপ ভাবে উপস্থাপন করা হয়েছে। এমনটাই অভিযোগ করেছেন মিম ও মেহজাবিন।

ওদিকে গুঞ্জন উঠেছে যে, বাধন এমনকি সিনেমাটির জন্য অডিশনও দিয়ে ফেলেছেন। তবে, বাঁধন এই বিষয়ে কিছু নিশ্চিত বা অস্বীকার করেননি।

সংবাদ মাধ্যমকে বাঁধন বলেন, ‘আমি এই মুহূর্তে আসলে কিছু বলতে পারছি না। এই বিষয়ে আমার কথা বলার সময় এখনও হয়নি’।

ওদিকে ‘খুফিয়া’ টিমের একের পর এক প্রস্তাব থেকে বোঝা যায় যে, পরিচালক বিশাল ভরদ্বাজ এবং তার টিম তাদের এই প্রকল্পের জন্য স্থানীয় বাংলাদেশী প্রতিভা নিয়োগ করতে বদ্ধপরিকর। কারণ সিনেমাটির গল্পের প্রয়োজনেই এতে বাংলাদেশের একজন অভিনেত্রী দরকার।

সম্প্রতি আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ এর মাধ্যমে আলোচনায় আসেন বাঁধন। এটি বাংলাদেশের প্রথম সিনেমা যা ফ্রান্সের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের প্রধান বিভাগে নির্বাচিত হয়েছে। তিনি সম্প্রতি শ্রীজিৎ মুখার্জি পরিচালিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’তেও অভিনয় করেছেন।