নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলাবাসী। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে সাধারণ জনগণ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তারা বলেন, দিনের মধ্যে আট থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অসহ্য গরমে মানুষের দিন পার করতে হচ্ছে। আবার বিদ্যুৎ থাকলেও লো-ভোল্টেজের কারণে ফ্রিজসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি চালানো সম্ভব হচ্ছে না। এভাবে দিনের পর দিন চলছে। উপকেন্দ্র হওয়ার পর নিরবচ্ছিন্ন বিদ্যুতের যে স্বপ্ন উপজেলাবাসী দেখেছিল, সেটা কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর কারণে ধূলিসাৎ হয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টা করছে একটি মহল। মহলটিকে চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন ‘হৃদয়ে বাঘাইছড়ি’র সভাপতি মাহমুদুল হাসান সোহাগ, শাহরিয়ার রাকিব, জিন্নাত আলী, মাহবুব হোসেন ও আবদুস সালাম।