উখিয়া-টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ ইয়াবা কারবারি নিহত

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুজন ইয়াবা কারবারি নিহত হয়েছে। গতকাল রবিবার ভোর ৪টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ন্যাচারপার্ক ডাবল জোড়া এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে টেকনাফ ২ নম্বর বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছেন, বাংলাদেশের জলসীমানায় প্রবেশকালে কয়েকজন মাদক পাচারকারীকে দেখতে পায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি করতে থাকে পাচারকারিরা। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও গুলি করেন। একপর্যায়ে একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরে নাফ নদীর পাড়ে কেওড়াবাগানের ঘটনাস্থলে তল্লাশি করে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা, একটি বন্দুক ও একটি ধারালো কিরিচ উদ্ধার করে বিজিবি। নিহত যুবকের বয়স আনুমানিক ২৭ বছর। তার পরিচয় নিশ্চিত হতে পারেনি বিজিবি।