চট্টগ্রামে করোনা সংক্রমণ হার ৫ শতাংশের নিচে

চট্টগ্রামে ক্রমান্বয়ে কমছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১১৮টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সেই হিসাবে সংক্রমণের হার ৪ দশমিক ৭৪ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০১ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৬৮ জন।

গতকাল রবিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৩টি ল্যাবে ১ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার হিসাবে করোনা শনাক্তের হার ৪ দশমিক ৭৪ শতাংশ। গত বছরের ৪ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর থেকে আজ অবধি মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০১ এবং মোট মৃত্যু ১ হাজার ২৬৮ জন। নতুন ৫৩ জন আক্রান্তের মধ্যে চট্টগ্রাম মহানগরে ৩০ জন। বাকি ২৩ জন বিভিন্ন উপজেলার।