দেশ-গণতন্ত্রের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন শেখ রেহানা: আ.লীগ সাধারণ সম্পাদক

বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৭তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার নিজের বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি শুভেচ্ছা জানান।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এক কঠিন এবং সংগ্রামী জীবন-যাপন করেছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা- শেখ হাসিনা ও শেখ রেহানা।

তিনি বলেন, সরাসরি রাজনীতিতে না এলেও বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সার্বক্ষণিক অনুপ্রেরণা হয়ে আছেন এ নির্মোহ এবং জনহিতৈষী ব্যক্তিত্ব।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত শেখ রেহানা লন্ডনে মেট্রো ও বাসে যাতায়াত করেন। চাকরি এবং পরিশ্রম করেই সন্তানদের মানুষ করেছেন শেখ রেহানা।’

তিনি বলেন, ‘শেখ রেহানার সন্তানরা আজ আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গঠন করেছেন। টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির সদস্য।’

ওবায়দুল কাদের বলেন, ‘রত্নগর্ভা মা শেখ রেহানার বড় ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন এবং কনিষ্ঠ কন্যা আজমিকা সিদ্দিক রুপন্তি লন্ডনে গ্লোবাল রিস্ক অ্যানালাইজার হিসেবে কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘শেখ রেহানার ত্যাগ, প্রেরণা এবং অন্তহীন সাপোর্টে দেশরত্ন শেখ হাসিনা আজ সফল রাষ্ট্রনায়ক।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সংকটে, সংগ্রামে বঙ্গমাতা বেগম মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা, প্রেরণা ও শক্তির উৎস। ঠিক তেমনি শেখ রেহানাও পর্দার অন্তরাল থেকে শক্তি ও সাহস যুগিয়ে যাচ্ছেন বড় বোন শেখ হাসিনাকে।’

তিনি বলেন, ‘বঙ্গমাতা বঙ্গবন্ধুর জীবনে যে ভূমিকা পালন করেছিলেন, শেখ রেহানাও সে ভূমিকা পালন করে যাচ্ছেন বড় বোন শেখ হাসিনার জীবনে।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রচার বিমুখ শেখ রেহানা কখনো লাইম-লাইটে আসেন না। দেশ জাতি এবং গণতন্ত্রের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন তিনি।’