আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার নেই। বিচার বিভাগ, প্রশাসন সবকিছুকে ধ্বংস করেছে এই ক্ষমতাসীন সরকার। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।
অচিরেই সেই আন্দোলনের ডাক আসবে বলে মনে করছেন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব।
সোমবার নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে ঢাকা দক্ষিণ বিএনপির সকল ওয়ার্ড ও থানার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে তথ্য ফরম বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি গঠনের জন্য কর্মীদের মাঝে ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রত্যেকটি ওয়ার্ড ও থানার অলিগলি থেকে যারা সৎ, সাহসী, ত্যাগী ও মামলা-হামলার শিকার এবং আন্দোলন-সংগ্রাম করতে পারবে, তাদেরকে প্রাধান্য দিয়ে কমিটিতে মূল্যায়িত করা হবে বলে জানান মজনু।
এ সময় উপস্থিত ছিলেন নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশারফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, লিটন মাহমুদসহ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।