সদরদপ্তরে ‘নিজের গুলিতে’ দায়িত্বরত র‍্যাব সদস্যর মৃত্যু

রাজধানীতে র‍্যাব সদরদপ্তরে দায়িত্বরত অবস্থায় নিজের গুলিতে শুভ মল্ল (২৬) নামে এক র‍্যাব সদস্যর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সোমবার বেলা আড়াইটায় র‍্যাব সদরদপ্তরে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সোয়া ৫টায় মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় শুভকে র‍্যাব সদস্যরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার থুতনিতে গুলিবিদ্ধ হয়েছে।

এ বিষয়ে উত্তরা ডিভিশনের উপ কমিশনার (ডিসি) মো. সাইফুল ইসলাম জানান, র‍্যাব সদরদপ্তরে ডিউটিরত অবস্থায় এক র‍্যাব সদস্য মারা গেছে বলে র‍্যাব থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

হাসপাতালে নাম প্রকাশে অনিচ্ছুক র‍্যাবের এক কর্মকর্তা জানান, শুভ সদরদপ্তরের পিছনের গেটে ডিউটিরত অবস্থায় ছিল। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল সে। নিজের গুলিতে নিজে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, শুভ মল্লর বাড়ি চট্টগ্রামের জোরারগঞ্জ থানার জয়পুর পুর্ব জোয়ার গ্রামে। তার বাবার নাম কালু মল্ল। ২০১৫ সালে পুলিশ সদস্য হিসেবে চাকরিতে যোগ দেন তিনি। আর চলতি বছরের মার্চে তিনি র‍্যাবে যোগ দেন।