যৌনকর্মী স্ত্রীকে হারিয়ে দিশেহারা স্বামী, গ্রেপ্তার ১

ভাসমান যৌনকর্মী স্ত্রীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্বামী। অতিরিক্ত অর্থ দাবি করায় খোকন ভুঁইয়া (২৬) নামে এক ব্যক্তি হোটেল কক্ষে ওই ভাসমান যৌনকর্মীকে হত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।

সোমবার খোকন ভুঁইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এদিকে, স্ত্রীকে হারিয়ে দিশেহারা স্বামী গণমাধ্যমকে জানান, তিনি যৌনকর্মীকে বিয়ে করায় কাজও হারিয়েছিলেন। তারা ভালোবেসে বিয়ে করে সংসার শুরু করেছিলেন।

স্ত্রী হত্যার বিচার চেয়ে তিনি জানান, দেড় বছর আগে বিয়ের পর তিনি স্ত্রীকে ‘কাজ’ দিতেন না। কিন্তু করোনা মহামারির মধ্যে অভাবে পড়ায় বাধ্য হয়ে তাকে (স্ত্রী) আবারও আগে পথে নামতে হয়। ফার্মগেইট এলাকার বিভিন্ন হোটেলে যেতেন তিনি।

নিহতের স্বামী এক ঠিকাদারের অধীনে শ্রমিক হিসেবে ঢাকার মেট্রো রেল প্রকল্পে কাজ করতেন। দেড় বছর আগে ফার্মগেইট এলাকায়ই তাদের পরিচয় হয়। গ্রাহক হিসেবে পরিচয়ের পর বিয়ের কথা তুললে সেও রাজি হন। তবে বিয়ের পর আরেক বাস্তবতার মুখোমুখি হতে হয় তাদের।

তিনি বলেন, যৌনকর্মীকে বিয়ের কথা রটে গেলে তাকে কাজ থেকে বাদ দিয়ে দেন ঠিকাদার। এরপর থেতিনি গলায় গামছা দিয়ে ট্রে বেঁধে পান-সিগারেট বিক্রি করেন।

তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর বিকালে ফার্মগেইটে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়েছিলেন কবিতা। রাত ১০টার দিকে মোবাইল ফোনে তার সঙ্গে কথা হয়েছিল। এরপর থেকে ফোন বন্ধ পান।

৯ সেপ্টেম্বর স্ত্রীর এক বান্ধবীর মাধ্যমে সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে তার লাশ পাওয়ার খবর পান। এরপর তিনি গিয়ে লাশ শনাক্ত করেন।

স্ত্রী নিহত হওয়ার ঘটনায় তিনি শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।

মামলায় বলা হয়, লাশটি হোটেল রাজ ইন্টারন্যাশনাল হোটেলের ছয় তলার ৬০২ নম্বর কক্ষে পাওয়া যায়। কক্ষের স্টিলের খাটের সঙ্গে ওড়না দিয়ে হাত বাঁধা অবস্থায় লাশটি পড়ে ছিল।

গত ৯ সেপ্টেম্বর ঢাকার শ্যামলীর রাজ ইন্টারন্যাশনাল হোটেল থেকে কবিতার হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।

মামলার তদারককারী কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহাদাত হোসেন সুমা বলেন, এই ঘটনায় খোকন ভুঁইয়া নামে এক ব্যক্তিকে গত রবিবার রাজধানীর মাটিকাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

খোকন মাটিকাটা এলাকায় একটি রেস্তোঁরায় কারিগর হিসেবে কাজ করেন। সোমবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

স্বীকারোক্তি উদ্ধৃত করে ডিবি কর্মকর্তা বলেন, গত ৮ সেপ্টেম্বর মধ্যরাতে ফার্মগেইট ফুটব্রিজের উপর থেকে নিহত নারীকে শ্যামলীর রাজ ইন্টারন্যাশনাল হোটেলে নিয়ে যান খোকন। সেখানে কবিতা অতিরিক্ত অর্থ দাবি করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। তারই এক পর্যায়ে কবিতা চেঁচামেচি করার হুমকি দিলে তাকে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন খোকন।

গ্রেপ্তার খোকনকে আদালত কারাগারে পাঠানো হয়েছে।