লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর মা ও দুই মেয়ে উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতিতে নিখোঁজের চার দিন পর মা ও দুই মেয়েকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ট্র্যাকিং ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার দুপুরে মা মারজাহান বেগম (২৮), বড় মেয়ে সুরাইয়া জাহান সামিয়া (৮) ও ছোট মেয়ে ফাতেমা বিবিকে (৪) উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রামগতি থানার ওসি মো. সোলাইমান উদ্দিন।

ওসি জানান, পারিবারিক কলহের জের ধরে স্কুলে যাওয়ার কথা বলে গত বৃহস্পতিবার দুই মেয়েকে নিয়ে আত্মগোপনে চলে যান মারজাহান বেগম। চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় এক বান্ধবীর বাসায় ওঠেন। মারজাহানের স্বামী হেলাল উদ্দিন থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি করলে পুলিশ মাঠে নামে।