দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ওঠার পর কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার পাউবোর সহকারী পরিচালক (প্রশাসন-২) প্রদীপ কুমার বসাক স্বাক্ষরিত আদেশে তাকে প্রত্যাহার করা হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাউবো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
কুড়িগ্রামে তিস্তা ও ধরলার ভাঙনরোধে পাউবোর প্রকল্পের ঠিকাদার নিয়োগে নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এর মধ্যে রয়েছে প্রকল্পের গোপন নথি পছন্দের ঠিকাদারের হাতে তুলে দেওয়া এবং নির্দিষ্ট হারে কমিশন নিয়ে ঠিকাদারি কাজ বিলি বণ্টন করা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঠিকাদারি কাজে অনিয়মের কারণে কুড়িগ্রামে নদীভাঙন মারাত্মক আকার ধারণ করে। এতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। নদীভাঙন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সেগুলো আমলে নিয়ে তদন্ত করে সত্যতা পাওয়ার পর আরিফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে পাউবোর কন্ট্রাক্ট অ্যান্ড প্রকিউরমেন্ট সেলে বদলি করা হয়েছে।