পাকিস্তান ক্রিকেট বোর্ডের ৩৬তম চেয়ারম্যান হয়েছেন সাবেক অধিনায়ক রমিজ রাজা। গতকাল লাহোরে বোর্ডের এক বিশেষ সভায় ‘সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ চেয়ারম্যান নির্বাচিত হন পাকিস্তানের ৯২-এর বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য। এ পদে তার মেয়াদ তিন বছর।
টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ২৫৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রমিজ রাজা এর আগে ২০০৩-০৪ মেয়াদে পিসিবির প্রধান নির্বাহীর দায়িত্বও পালন করেন। ১৯৯৭ সালে ১৩ বছরের খেলোয়াড়ি জীবন শেষের প্রায় পর থেকেই ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন রমিজ। পাকিস্তানের সাবেক অধিনায়ক হিসেবে পিসিবির চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়া চতুর্থ ব্যক্তি হলেন তিনি। তার আগে প্রথম টেস্ট অধিনায়ক আবদুল হাফিজ কারদার (১৯৭২-৭৭), জাভেদ বার্কি (১৯৯৪-৯৫) ও ইজাজ বাট (২০০৮-১১) এই দায়িত্ব পালন করেন। দায়িত্ব নেওয়ার পর নিজের কর্মপরিকল্পনা নিয়েও ইঙ্গিত দিয়েছেন রমিজ রাজা, ‘পাকিস্তানের পুরুষ দলে একটা ভারসাম্যপূর্ণ সংস্কৃতি, মানসিকতা, আচরণ গড়ে তোলার দিকে অন্যতম বড় নজর থাকবে আমার। এসবই এক সময় পাকিস্তানকে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট জাতি হিসেবে গড়ে তুলেছিল। সংগঠন হিসেবে জাতীয় দলকে পুরো সমর্থন দিতে হবে আমাদের, সহায়তা করতে হবে। তারা যেন দর্শকের কাক্সিক্ষত ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে পারে।’
নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন এবং দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ভারনান ফিল্যান্ডারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কোচ নিয়োগ দিয়েছেন রমিজ রাজা। ‘আমি মনে করি, পাকিস্তান দলকে নতুন পথে চলতে হবে। এই কোচেরা (হেইডেন ও ফিল্যান্ডার) টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন বলেছেন তিনি। তবে এ দুজন জাতীয় দলে ঠিক কী ভূমিকা পালন করবেন, তা খোলাসা করেননি রমিজ রাজা। মিসবাহ-উল হক সরে দাঁড়ানোর পর তার শূন্যতা পূরণে জাতীয় দলে একজন প্রধান কোচ নিয়োগের কথাও বলেছেন পিসিবি চেয়ারম্যান। তবে তার নাম প্রকাশ করা হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ সেপ্টেম্বর শুরু সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন সাকলায়েন মুশতাক ও আবদুর রাজ্জাক। ক্রিকইনফো জেনেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রধান কোচের দায়িত্বে থাকতে পারেন সাবেক স্পিনার সাকলায়েন।
ভারত-পাকিস্তান সিরিজ আবার কি শুরু হবে এমন প্রশ্নে পিসিবির নতুন চেয়ারম্যান বলেছেন, ‘এই মুহূর্তে বিষয়টা অসম্ভব, কারণ খেলাধুলা রাজনীতিতে নষ্ট হয়ে গেছে এবং এই মুহূর্তে এটি স্থিতাবস্থায়। এই ব্যাপারটি নিয়ে আমরা তাড়াহুড়া করব না। কারণ, আমরা ঘরোয়া ক্রিকেটের ওপর নজর দিতে চাই।’