মাদ্রাসা থেকে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় ৪ শিক্ষক আটক

জামালপুরের ইসলামপুরে দারুত তাক্বওয়া ক্বওমী মহিলা মাদ্রাসা থেকে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার মুহতামিমসহ ৪ শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদেরকে ওই মাদ্রাসা থেকে আটক করা হয়।

এ সময় মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে তুলে দিয়ে মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, গোয়ালেরচর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদ্রাসা থেকে রবিবার ভোরে গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে ৯ বছর বয়সী মীম আক্তার, গোয়ালেরচর ইউনিয়নের সভূকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে ১০ বছর বয়সী সূর্যবানু ও মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে ১১ বছর বয়সী মনিরা আক্তার নামের দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হয়।

এ ঘটনায় সোমবার বিকেলে মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে রাতে ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়ার নেতৃত্বে পুলিশ মাদ্রাসার সকল শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে তুলে দিয়ে মাদ্রাসাটি বন্ধ করে দেয়।

এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান, মাদ্রাসা শিক্ষক ইলিয়াস হোসেন, রাবেয়া ও শুকরিয়াকে আটক করা হয়।

মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান বলেন, ‍মাদ্রাসাটি আবাসিক হওয়ায় শিক্ষার্থীরা রাতে মাদ্রাসা কক্ষেই থাকে। ঘটনার দিন ভোর রাতে শিক্ষার্থীদের ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগানো হয়। অন্যান্য ছাত্রীর মতোই দ্বিতীয় শ্রেণির ওই তিন ছাত্রীও নামাজের প্রস্তুতি নেয়। নামাজের পর তাদের আর খুঁজে পাওয়া না গেলে তাদের উদ্ধারে সোমবার বিকেলে থানায় জিডি করি।