সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নূর হোসাইনকে মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের অংশের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হয়।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কের পাশে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা গতকাল সোমবার বিকেলে স্মৃতিসৌধে দায়িত্বরত আনসার সদস্যদের হাতে মারধরের শিকার প্রাণিবিদ্যা বিভাগের ওই শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় বহন করাসহ চার দফা দাবি জানান।
তাদের অন্য দাবিগুলো হলো- মারধরের ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কার করা ও গ্রেপ্তার করা এবং স্মৃতিসৌধে অনৈতিক উপায়ে প্রবেশ বন্ধ করা।
মানববন্ধনে মার্কেটিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন, ‘আনসার সদস্যদের হাতে একজন শিক্ষার্থী মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো বসে বসে তামাশা দেখেছে। তারা একবারের জন্যও আহত শিক্ষার্থীকে দেখতে যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছাত্রবান্ধব হওয়া উচিত। অবিলম্বে মারধরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’
এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।
তারা শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, ‘অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। শিক্ষার্থীদের চার দফা দাবি শুনেছি। দোষী আনসার সদস্যদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা নিয়েছেন বলে জানতে পেরেছি। আহত শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’
ঢাকা জেলা আনসার কমাড্যান্ট আফজাল হোসেন বলেন, ‘গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মর্মাহত হয়েছি। মারধরের ঘটনায় অভিযুক্তদের আনসার থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে এবং কালো তালিকাভুক্ত করা হয়েছে। আমরা আহত শিক্ষার্থীর চিকিৎসার সকল ব্যয় বহন করবো।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আমরা আহত শিক্ষার্থীর খোঁজ-খবর রাখছি। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ আইনি সহায়তা প্রদান করা হবে।’