প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন পদ্মা নদীর পাড়ে। নির্জন স্থান পেয়ে প্রেমিক কিশোরীর সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন। তখন প্রেমিকের হাত বাঁচতে উত্তাল পদ্মায় ঝাঁপ দেন কিশোরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার মিজানুর ইউনিয়নের গোদার বাজার এলাকায় পদ্মা নদীর তীরে।
এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে প্রেমিক ইব্রাহীম খলিলের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ সোমবার ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
ইব্রাহিম খলিলের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর গ্রামে। কিশোরী একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
মামলার তদন্ত কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই আতিয়ার রহমান জানান, ওই কিশোরীর সঙ্গে ইব্রাহীমের প্রেমের সম্পর্ক ছিল। ইব্রাহীম কিশোরীকে ফুঁসলিয়ে নদীতে ঘুরতে নিয়ে শ্লীলতাহানি ঘটায়। এসময় কিশোরী মনের ক্ষোভে নদীতে ঝাঁপ দেয়। স্থানীয় লোকজন বিষয়টি দেখে কিশোরীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কিশোরী বাদী হয়ে প্রেমিক ইব্রাহীমের বিরুদ্ধে মামলা করে। পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সোমবার আদালতে চালান করে।