জাপানি স্ত্রীর কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চান স্বামী ইমরান

জাপানি স্ত্রী এরিকো নাকানোর বিরুদ্ধে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তার স্বামী ইমরান শরীফ। মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে মঙ্গলবার এই নোটিশ পাঠানো হয়। এরিকোর আইনজীবী শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন।

২০০৮ সালে জাপানের টোকিওতে চিকিৎসক এরিকো ও তড়িৎ প্রকৌশলী ইমরানের বিয়ে হয়। এরিকা জাপানি নাগরিক আর ইমরান বাংলাদেশি। এ বছরের শুরুতে তাদের বিয়ে বিচ্ছেদের আবেদনের পর, তিন সন্তানের জিম্মা নিয়ে দুই দেশের আদালতে আবেদন করেন তারা। বহুল আলোচিত এই ঘটনায় দুই সন্তানসহ এরিকো নাকানো–ইমরান শরীফ দম্পতিকে ১৫ দিনের জন্য একসঙ্গে থাকার নির্দেশ দেন আদালত।

এরিকোর আইনজীবী জানান, ইমরান শরীফ মানহানিকর তথ্য প্রকাশের কারণে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন। ক্ষতিপূরণ না দেওয়া হলে মামলা করার হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বর্তমানে আদালতের নির্দেশে গুলশান-১ নম্বরের একটি ভাড়া বাসায় থাকছেন তারা। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁদের বিষয়ে আদালত নির্দেশ দেবেন।

এ বছরের শুরুতে এরিকো বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এর মধ্যেই ইমরান তার দুই শিশুকন্যাকে নিয়ে ঢাকায় চলে আসেন। এরপর জাপানের আদালত এরিকোর জিম্মায় সন্তানদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। সন্তানদের ফিরে পেতে আদালতের শরণাপন্ন হয়েছেন এরিকো। আবার ইমরানও বাংলাদেশের পারিবারিক আদালতে সন্তানদের জিম্মা চেয়ে আবেদন করেছেন।