কুমিল্লা-৭ চান্দিনা সংসদীয় আসনে উপনির্বাচনের মনোনয়ন যাচাই বাছাইয়ের পর স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
স্বতন্ত্র প্রার্থী মাও. সালেহ সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।
মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া কাগজপত্র সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়, এ ছাড়া তিনি যাচাই বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন না।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের হলরুমে কুমিল্লা-৭ চান্দিনা সংসদীয় আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।
এ সময় আ. লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লুৎফর রেজা খোকন ও ন্যাপ মনোনীত প্রার্থী মনিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর প্রত্যাহারের শেষ দিন, প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর। আগামী ৭ অক্টোবর এ আসনে ভোট গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই চান্দিনা কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক আলী আশরাফ এর মৃত্যুতে আসনটি শূন্য হয়।