কেন বেশি রাগ হয়

ভয়, লজ্জা, বিরক্তির মতো নানা কারণেই রাগ দেখায় মানুষ। এ ছাড়া ক্ষণে ক্ষণে রেগে যাওয়ার পেছনে থাকতে পারে অন্য কোনো কারণ। সম্পর্ক বা আর্থিক অবস্থার ভিত্তিতে তৈরি হওয়া মানসিক চাপও রাগের পেছনে একটি বড় কারণ। কয়েক ধরনের মানসিক অসুখও রাগ প্রকাশ করার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। জেনে নিন কী কী কারণে বেশি রাগ হয়

দুশ্চিন্তা ও অবসাদ

কোনো ব্যক্তি যদি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপে থাকে, তবে তার মানসিক চাপ রাগের মাধ্যমে প্রকাশ পেতে পারে। এমন অবস্থায় সাধারণত মানুষ তার নিজেকে সঠিকভাবে প্রকাশ না করতে পারলে তা রাগের মাধ্যমে ব্যক্তির ওপর চাপিয়ে দেয়।

বাইপোলার ডিসঅর্ডার

এই অসুখ থাকলে ক্ষণে ক্ষণে মনের ভাবে পরিবর্তন আসে। অতিরিক্ত আনন্দের আবহেও অনেক সময় ঘিরে ধরে রাগের অনুভূতি। ফলে খুব ভালো সময়ও মুহূর্তে বিষাক্ত হয়ে ওঠে।

পারিবারিক পরিবেশ

একজন ব্যক্তি কেমন আচরণ করবে তার অনেকটাই নির্ভর করে সে কীভাবে বেড়ে উঠেছে। অভিভাবকরা অল্পতেই রেগে যান এমন পরিবারে বেড়ে ওঠা শিশুরাও একই ধরনের আচরণ শেখে।

এ ছাড়া সবকিছুতে অতিরিক্ত নিয়ন্ত্রণ, খুঁতখুঁতে স্বভাব, অতিরিক্ত কর্র্তৃত্বপরায়ণ মনোভাব, ব্যর্থতা মেনে না নেওয়ার মনোভাব ইত্যাদি বৈশিষ্ট্যের মানুষের মধ্যে অল্পতেই রেগে যাওয়ার প্রবণতা বেশি থাকে।