সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার বাসিন্দা সাবেক সাংসদ ও হুইপ মো. ফজলুল হক আছপিয়া (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বেলা সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী মো. ফজলুল আছপিয়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন।
তিনি সুনামগঞ্জ- ৪ আসন ( সদর ও বিশ্বম্ভরপুর) থেকে একাধিক বার সাংসদ নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মো. ফজলুর হক আছপিয়ার ভাগনে সুনামগঞ্জের আইনজীবী রুহুল তুহিন জানান, আজ বুধবার মাগরিবের নামাজের পর বিএনপির ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। কাল বৃহস্পতিবার বেলা দুইটায় সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা হবে। পরে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে তার দাফন সম্পন্ন হবে।