১৫ মাস পর প্রতীক হাসান জানালেন তিনি বিবাহিত

জনপ্রিয় সংগীতশিল্পী বিয়ে করেছেন। জানা গেল, গত বছরের ২৬ জুন তিনি বিয়ে করেন। দীর্ঘ ১৫ মাস বিয়ের খবর গোপন রেখেছিলেন তিনি।

প্রতীক জানান, তার স্ত্রীর নাম মৌসুমী হাসান, তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। প্রতীক বলেন, ‘বছর দেড়েক আগে মৌসুমীর সঙ্গে আমার পরিচয়। সেখান থেকেই ভালোলাগা। আমাদের পরিবারও বিষয়টি জানতেন। আমরা শিওর ছিলাম আমাদের বিয়ে হবে। আর সেটা জেনেই প্রেম করেছি। অবশেষে শুভ কাজটি সম্পন্ন হওয়ায় খুব ভালো লাগছে।’

প্রতীক আরও জানান, করোনা বাড়ায় ঘরোয়া পরিবেশেই বিয়েটা সারতে হয়েছে। তাই কাউকে জানানো সম্ভব হয়নি। আক্দ, কাবিনের সময় দুই পরিবারের ঘনিষ্ঠ কিছু আত্মীয় উপস্থিত ছিলেন। শিগগিরই আমরা বড় পরিসরে অনুষ্ঠান করব। তখন সবাইকে বলব।

এই গায়ক আরও জানান, তার স্ত্রী খুব ধর্মপরায়ণ। ছবি তুলতে পছন্দ করেন না। পরিবারেরও নিষেধ আছে। সে কারণে স্ত্রীর কোনো ছবি প্রকাশ্যে আনেননি।