কৃষি অর্থায়নে সর্ববৃহৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকের আশুলিয়া শাখার উদ্যোগে ঋণ বিতরণ, ঋণ আদায় ও আমানত সংগ্রহ/মহাক্যাম্প কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির আওতায় ১১ জনের মধ্যে মোট ১১ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়।
ভবিষ্যতেও চাহিদার ভিত্তিতে একইভাবে ঋণ প্রদান করা হবে বলে জানিয়েছেন আশুলিয়া বাজার শাখার কৃষি ব্যাংকের ব্যবস্থাপক এমএম আজিজুল করিম।
তিনি বলেন, এখানে ঋণের জন্য আসলে কাউকে কোন অতিরিক্ত টাকা দিতে হবে না। দালাল এবং ঘুষ মুক্তভাবে কৃষকদের ঋণের সমপরিমাণ টাকা প্রদান করা হবে। প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে বুধবার ৩১ জনের কাছ থেকে নগদ ঋণ আদায় এবং ১১ জনের মধ্যে মোট ১১ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরাই প্রথম এ ধরনের প্রকাশ্যে ঋণ বিতরণ শুরু করেছি।
তিনি আরও বলেন, নাগরিক অডিট বলতে একটি কথা আছে, নাগরিকদের কাছে দায়বদ্ধতার অংশ থেকেই দালাল মুক্ত সরাসরি ঋণ দিচ্ছি। এর ফলে গ্রাহকেরা স্বতঃস্ফুর্তভাবে ঋন নিতে আসছে। আমরা আশা করছি, যারাই আমাদের কাছ থেকে ঋণ গ্রহণ করছেন কোন রকম মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি প্রকাশ্যে গ্রহণ করা ঋণ সঠিক কাজে লাগিয়ে ঋণ এবং সুদসহ সঠিক সময়ে ফেরত দিতে পারে।
ঋণ বিতরণের সময় অন্যান্যের মধ্যে আশুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেনসহ ব্যাংকের কর্মকর্তাগণ ও কৃষকেরা উপস্থিত ছিলেন।