ওয়ার্নের ‘শতাব্দীর সেরা বল’র স্মৃতি ফেরালেন পাকিস্তানের নারী ক্রিকেটার (ভিডিও)

শেন ওয়ার্নের শতাব্দীর সেরা স্পিন বলের স্মৃতি ফেরালেন পাকিস্তানের নারী ক্রিকেটার গুলাম ফাতিমা।

দেশটির মেয়েদের ওয়ানডে কাপে এমন একটি ঘূর্ণি ডেলিভারি বেরোয় লেগ-স্পিনার ফাতিমার হাত থেকে, যা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে ওয়ার্নের অবিশ্বাস্য ডেলিভারিটিকে।

পাকিস্তানের হয়ে ৩টি ওয়ানডে ও ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা ফাতিমা সম্প্রতি করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচে ফারিয়া মেহমুদকে একটি বল করেন, যার কোনো কুল-কিনারা খুঁজে পাননি ব্যাটার।

বাঁ-হাতি ব্যাটারকে অফ-স্টাম্পের বাইরে বল করেন ফতিমা। এতটাই বাইরে ড্রপ করে বল, সোজা বেরিয়ে গেলে ওয়াইড হতে পারত। ব্যাটার স্টেপ-আউট করে বড় শট নেওয়ার চেষ্টা করেন। তবে অভাবনীয়ভাবে বল স্পিন করে স্টাম্প ভেঙে দেয়। অফ-স্টাম্পের বিস্তর বাইরে ড্রপ করে বল এতটা ঘোরে যে, সেটি গিয়ে লাগে লেগ-স্টাম্পে।

স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতে শুরু করে অবিশ্বাস্য ডেলিভারিটির ভিডিও। বলটিকে তুলনা করা হতে থাকে অ্যান্ড্রু স্ট্রসকে করা শেন ওয়ার্নের শতাব্দীর সেরা আখ্যা পাওয়া ডেলিভারিটির সঙ্গে।

২০০৫ সালের অ্যাশেজে অ্যান্ড্রু স্ট্রসকে এরকমই একটি ডেলিভারিতে বোল্ড করেছিলেন ওয়ার্ন। বল অফ-স্টাম্পের অনেকটা বাইরে ড্রপ করে। স্ট্রস সেটিকে পা বাড়িয়ে প্যাডে লাগানোর চেষ্টা করেন। তবে বলটি স্ট্রসের পা এড়িয়ে গিয়ে স্টাম্প ভেঙে দেয়।