ময়মনসিংহে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে জড়িয়ে ‘মানহানিকর’ স্লোগান দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ) রাতে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
বুধবার (১৫ সেপ্টেম্বর ) বিকেল ৫টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।
মামলায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট.মো. নূরুল হককে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়।
ওসি জানান, ‘মানহানিকর ও উস্কানিমূলক স্লোগান’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি দায়ের হয়েছে। অভিযোগ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। ওই মিছিলে তারা বিভিন্ন স্লোগান দেন।