ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই-এ একজন উপসচিবের বিরুদ্ধে এক স্কুলশিক্ষিকা ধর্ষণের অভিযোগ এনেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই উপসচিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে বুধবার মামলা করেছেন ওই নারী। ওই উপসচিবকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদনও করেন ওই নারী।
ওই নারী বলেছেন, তিনি অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলেন, সেখানে পুলিশ কর্মকর্তারা তাকে ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেন।
বাদীর জবানবন্দি নিয়ে পিবিআইকে তদন্ত করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী প্রতিবেদন দিতে বলেছেন বলে জানান ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আলী আকবর।
অভিযোগের বিষয়ে উপসচিবের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালে সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর ওই নারীর সঙ্গে উপসচিবের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৯ সালের ১৯ এপ্রিল ওই নারীকে নিয়ে লঞ্চ ভ্রমণে গিয়ে বিয়ের আশ্বাস দিয়ে যৌন সম্পর্ক গড়ে তোলেন ওই উপসচিব-সচিব। পরে ২৬ মে ঢাকার ফকিরাপুলের একটি হোটেলেও তারা মিলিত হয়েছিলেন।
বাদীর অভিযোগ, এরপর গত বছরের ২২ ডিসেম্বর তিনি বিয়ে করতে বললে ওই উপসচিব-সচিব বিবাহিত বলে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ‘বাড়াবাড়ি’ করলে চাকরিচ্যুত ও নানা মামলায় জড়ানোর হুমকিও দেন।
এই নারী বলেছেন, এরপর গত বছরের ২৩ ডিসেম্বর শ্রীনগর থানা শিক্ষা অফিসে ডেকে নিয়ে তাকে ওই উপসচিবের সঙ্গে যোগাযোগ করা থেকে বিরত থাকতে বলা হয়।
এই ঘটনায় গত ৮ জুন ওই উপসচিবকে আইনি নোটিশ পাঠিয়ে কোনো জবাব না পেয়ে মামলা করেছেন বলে জানান এই নারী।