আগামী ৬ থেকে ১৫ অক্টোবরে দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ চলচ্চিত্রের আসর ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৬তম আসর বসছে। এই উৎসবে প্রথমবারের মতো একসঙ্গে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।
দক্ষিণ কোরিয়ার বুসান শহরে এ উৎসবের আসর বসবে।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে আসরে নির্বাচিত হয়েছে- তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’, আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহেনা মরিয়ম নূর’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’।
এর মধ্যে ‘কিম জিসোক পুরস্কার’- এর জন্য মনোনীত হয়েছে ‘নো ল্যান্ডস ম্যান’; ‘অ্যা উইন্ডো ইন এশিয়ান সিনেম‘ বিভাগে মনোনীত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘পায়ের তলায় মাটি নাই’।
পৃথিবীতে চলমান অভিবাসন ও পরিচয় সংকটের গল্পে যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।
সাদের ‘রেহানা মরিয়ম নূর’ -এর আগে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছিল। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
‘পায়ের তলায় মাটি নাই’ ছবিটির প্রযোজনা করেছেন নির্মাতা ও প্রযোজক আবু শাহেদ ইমন। চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিনসহ আরও অনেকে।