আইপিএলে দর্শক ফিরছে

সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আইপিএলের দ্বিতীয় অংশে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি থাকছে। এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।

২০১৯ সালের পর এই প্রথম আইপিএলে মাঠে দর্শক দেখা যাবে। করোনার কারণে ২০২০ সালে ফাঁকা গ্যালারিতে খেলা হয়েছে। এ বছর করোনার কারণে মাঝপথে স্থগিত হওয়ার আগেও আইপিএল ম্যাচগুলো হয়েছে দর্শকশূন্য গ্যালারিতে।

ভারতে করোনার ভয়াবহতায় ২০২০ সালের আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এবার অবশ্য ভারতের মাটিতেই শুরু হয়েছিল আসর। কিন্তু মে-তে মাঝপথেই টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়।

ভেন্যু পরিবর্তন করে ১৯ সেপ্টেম্বর থেকে আবারো আরব আমিরাতেই ফিরছে আইপিএল। দুবাই, আবুধাবি ও শারজাহতে হবে এবারের আইপিএলের বাকি অংশ।

দর্শক ফিরলেও ভরা গ্যালারি থাকবে না। তবে কত শতাংশ দর্শকাসন ভরানো যাবে, সেরকম কিছুর স্পষ্ট উল্লেখ নেই বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে।