বরিশালের কীর্তনখোলা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
গতকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নদীতীরে ডিসি ঘাট এলাকা থেকে এই অভিযান পরিচালিত হয়।
বিআইডব্লিউটিএর বরিশাল নদীবন্দরের বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর অভিযানে নেতৃত্ব দেন।
তিনি বলেন, সরকারি জমি জবরদখল করে কেউ ভোগ করতে পারবে না। বরিশাল জেলা ও মহানগরের অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে, পাশাপাশি নদীর সৌন্দর্য রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের টিম ও আনসার বাহিনীর সদস্যরা।