অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের পারফরম্যান্সে সাড়ে তিন বছর আগে মোহাম্মদ নবীর কাছে হারানো টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার র্যাংকিং ফিরে পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে পড়তি পারফরম্যান্সে (৪ ম্যাচে ৪৫ রান ও ৫ উইকেট) আবার নবীর কাছে হারিয়েছেন তা। ২৮৫ রেটিং পয়েন্ট নিয়েই শীর্ষে আফগানিস্তানের টি-২০ বিশ্বকাপ অধিনায়ক। আর ২৮৬ থেকে ১১ রেটিং পয়েন্ট হারিয়ে দ্বিতীয় স্থানে সাকিব। প্রথমবারের মতো সেরা দশে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শেষে তিনি ছিলেন ১৬-তে। নিউজিল্যান্ডের বিপক্ষে লো-স্কোরিং সিরিজে ১৪*, ৩৭*, ৩, ৪৩*, ২৩ রান করেছেন তিনি। উইকেট পেয়েছেন ৬টি। ব্যাটিংয়েও উন্নতি হয়েছে মাহমুদউল্লাহর। তিন ধাপ এগিয়ে ২৯ নম্বর স্থানে উঠে এসেছেন ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে।
চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চার উইকেট নেওয়া মোস্তাফিজ বোলারদের র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন। তারপরেই সাকিব। একই ম্যাচে চার উইকেট নেওয়া নাসুম আহমেদ ২৫ ধাপ এগিয়ে দখল করেছেন ১৫তম স্থান। ব্যাটিংয়ের শীর্ষে রয়েছেন ডেভিড মালান। এরপর আছেন বাবর আজম, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি। সপ্তম স্থানে পাকিস্তানের রিজওয়ান। উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক। চার ধাপ উঠে অষ্টম স্থানে রয়েছেন তিনি। নবম স্থানে উইন্ডিজের এভিন লুইস। এক ধাপ উঠে প্রথম দশে ঢুকেছেন আফগানিস্তানের হজরাতুল্লাহ জাজাই। বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি। প্রথম সাতটি স্থানে কোনো পরিবর্তন হয়নি।