‘এ’ দল ও এইচপির সিরিজ শুরু

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম চারদিনের ম্যাচ দিয়ে লড়াইয়ে নামছেন টি-টোয়েন্টি দলের বাইরের ক্রিকেটাররা। প্রথম চারদিনের ম্যাচে অবশ্য টেস্ট অধিনায়ক মুমিনুল হক নেতৃত্ব দিচ্ছেন না ‘এ’ দলকে। পারিবারিক কারণে তিনি এখনো ঢাকায়। তাই খেলছেন না এই ম্যাচ। তবে দ্বিতীয় চারদিনের ম্যাচে দলে ফিরবেন। এদিকে করোনা পজিটিভ হওয়ায় প্রথম ম্যাচে থাকছেন না মেহেদী হাসান মিরাজও। আজই চট্টগ্রাম যাবেন তিনি। এরপর কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে যোগ দেবেন। এ দুজনের পরিবর্তে কাউকে অবশ্য যোগ করেনি বিসিবি।

জিম্বাবুয়ে সিরিজের পর লম্বা সময় খেলার বাইরে থাকা টেস্ট দলের সদস্য নাজমুল হোসেন শান্ত এই সিরিজ পেয়ে খুশি। তাকিয়ে আছেন এই সিরিজ কাজে লাগিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট এবং জাতীয় লিগে ভালো করতে, ‘লম্বা সময় ব্রেক ছিল। আমরা তো টেস্ট লম্বা সময় পরপর খেলি। তো এই সিরিজটা আমাদের জন্য দরকার ছিল। তাছাড়া সামনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ আছে, চট্টগ্রামেই টেস্ট আছে। এই সিরিজটা তখন কাজে লাগবে। আর একসঙ্গে অনুশীলন করা এবং ম্যাচ অনুশীলন করা খুবই ভালো। তাছাড়া সামনে জাতীয় লিগও আছে তো সেটার জন্যও এই প্রস্তুতিটা কাজে লাগবে।’