সিদ্ধিরগঞ্জে হাতকড়া নিয়ে পালিয়েছে মাদক কারবারি

সিদ্ধিরগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ নাসির নামে এক মাদক কারবারি পালিয়েছেন। আটকের পর ছেড়ে দিতে ‘দেনদরবার’ করার সুযোগে গত মঙ্গলবার বিকেলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে রাতভর অভিযান চালিয়ে তার স্বজনসহ পাঁচজনকে আটক করলেও নাসিরকে ধরা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, ডেমরা থানার এসআই নাজনিন আক্তার গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকায় অভিযান চালিয়ে মৃত জাফরের ছেলে নাসিরকে আটক করেন। তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে ওঠানোর সময় সে পালিয়ে যায়।

পরে ডেমরা থানার ওসি নাসির উদ্দিনসহ পুলিশের তিনটি দল সন্ধ্যা থেকে রাতভর অভিযান চালিয়ে নাসিরের মা নাসিমা, স্ত্রী শারমীন, আত্মীয়  মামুন, উজ্জল ও মোহরকে আটক করতে সক্ষম হলেও মাদক কারবারি নাসিরকে গ্রেপ্তার কিংবা হাতকড়া উদ্ধার করতে পারেনি। পুলিশের দাবি, তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে নাসিরকে মামলার আসামি করা হয়েছে।

নাসিরের বোন জেয়াসমিন বেগম বলেন, নাসিরকে আটকের পর এসআই নাজনিন ছেড়ে দেওয়ার জন্য এক লাখ টাকা দাবি করেন। এত টাকা দেওয়ার সামর্থ্য নেই বললে নাসিরকে থানায় নেওয়ার জন্য গাড়িতে তোলার সময় সে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়। জেয়াসমিনের অভিযোগ, কয়েক মাস আগে বাঘমারা এলাকা থেকে নাসির ও ডেমরা থানার এএসআই ইমামকে ইয়াবাসহ গ্রেপ্তার করে র‌্যাব-১০। ওই মামলায় এক সপ্তাহ আগে নাসির জামিনে বের হয়। এএসআই ইমামকে র‌্যাব গ্রেপ্তার করার পর থেকেই এসআই নাজনিন আমাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনকে গ্রেপ্তার ও মারধর করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েও মামলা দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসির পালিয়ে যাওয়ার পর থেকেই বাঘমারা, নিমাইকাশারী এলাকায় ব্যাপক অভিযান চালায় পুলিশ। এসআই নাজনিন বহিরাগত লোকজনসহ লাঠিসোঁটা নিয়ে এলাকার অলিগলিতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।

এসআই নাজনিন আক্তার অর্থ দাবির বিষয়টি সঠিক নয় দাবি করে বলেন, নাসিরকে আটক করতে মঙ্গলবার সন্ধ্যা থেকেই অভিযান অব্যাহত রয়েছে।

মাদক কারবারি নাসিরের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি জানেন না বলে জানান ডেমরা থানার ওসি নাসির উদ্দিন।