ধারাভাষ্যকে বিদায় জানাচ্ছেন মাইকেল হোল্ডিং

মৌসুম শেষে আর মাইক হাতে দেখা যাবে না আধুনিক ক্রিকেটের অন্যতম ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিংকে। অসংখ্য ঐতিহাসিক ক্রিকেট ম্যাচের সাক্ষী এই কিংবদন্তি ধারাভাষ্যকার অবসরের ঘোষণা দিয়েছেন।

ইংল্যান্ডের মাটিতে সবার পরিচিত মুখ হোল্ডিং। এই মৌসুমেই স্কাই স্পোর্টসের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে তার। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কিংবদন্তি ক্যারিবীয় ক্রিকেটার।

গত বছরই ধারাভাষ্য ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন হোল্ডিং। কিন্তু স্কাই স্পোর্টসের প্রতি তার কৃতজ্ঞতাবোধ থেকে অবসরে যেতে পারেননি। কিন্তু আর ধারাভাষ্য চালিয়ে যেতে পারবেন না জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ইতিহাসের সর্বাপেক্ষা দ্রুতগতির এই সাবেক পেসার।

হোল্ডিং এক রেডিও প্রোগ্রামে অবসরের প্রসঙ্গে বলেন, ‘২০২০ সালে ধারাভাষ্য ঠিক কতটা চালিয়ে যেতে পারব সে বিষয়য়ে আমি নিশ্চিত ছিলাম না। আমার এখন যে বয়স, এই বয়সে খুব বেশিদিন কাজটা করতে পারব, তেমনটা মনে হচ্ছে না। আমার বয়স এখন ৬৬। ৩৬, ৪৬ কিংবা ৫৬ নয়।’

তিনি আরও বলেন, ‘গত বছরই আমি স্কাই স্পোর্টসকে বলেছিলাম, এক বছরের বেশি আর চালিয়ে যেতে পারব না। চলতি বছরে যদি ক্রিকেট আর খুব বেশি না হয় তবে এই বছর কিছু কাজ করব। ২০২০ সালে আমার স্কাই স্পোর্টসকে বিদায় বলতে না পারার কারণ, তারা আমার জন্য অনেক কিছু করেছে।’

পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য খুবই জনপ্রিয় ধারাভাষ্যকার হিসেবে পরিচিত হোল্ডিং। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের আঁটসাঁট সূচির জন্য তিনি তার ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংসকে বিদায় জানানোর ঘোষণা দিলেন।

উইন্ডিজের হয়ে ৬০টি টেস্ট ও ১০২টি ওয়ানডে খেলেছেন হোল্ডিং। নিয়েছেন মোট ৩৯১ উইকেট। ১৯৮৭ সালে ক্রিকেট থেকে অবসর নেন তিনি।