যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় নাম থাকা তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে সাক্ষাত করে বৈঠক করেছেন জাতিসংঘ দূত দেবোরাহ লিওনস। খবর: টাইমস অফ ইন্ডিয়া।
তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন বৃহস্পতিবার টুইটারে এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ মিশনের প্রধান দেবোরাহ লিওনস এবং সিরাজউদ্দিন হাক্কানির মধ্যে অনুষ্ঠিত বুধবারের ওই বৈঠকে আফগানিস্তানের মানুষদেরকে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বর্তমানে তালেবানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির নাম এখনো মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায় রয়েছে। তার মাথার দাম ৫০ লাখ ডলার ধরা আছে যুক্তরাষ্ট্রে।
হাক্কানিকে ধরিয়ে দিলে কিংবা তাকে গ্রেপ্তারে তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার মিলবে বলে এফবিআইর ওয়েবসাইটে ঘোষণা দেওয়া আছে।
যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আল কায়দার যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ রয়েছে।
সোভিয়েতবিরোধী লড়াইয়ের ‘মুজাহিদ’ নেতা জালালুদ্দিন হাক্কানীর ছেলে হলেন সিরাজউদ্দিন হাক্কানি। তিনি এখন হাক্কানি নেটওয়ার্কের প্রধান।
বলা হয়, ১৯৮০-র দশকে আফগানিস্তানে সোভিয়েত সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এই হাক্কানি নেটওয়ার্ক গড়ে তোলার পেছনে যুক্তরাষ্ট্রেরও মদদ ছিল। সোভিয়েত বাহিনীর উপর দুর্ধর্ষ নানা হামলায় জড়িয়ে আছে তাদের নাম।
পরে গত ২০ বছরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটোবাহিনীর উপরও সমানে হামলা চালিয়েছে হাক্কানি নেটওয়ার্ক।