আসন্ন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেতে চান বাংলাদেশ আওয়ামী লীগের সৌদি আরব শাখার সভাপতি আলহাজ্ব ডা. মো. আব্দুর রহমান।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাহজাদপুর পৌরসভার থানারঘাট এলাকার করতোয়া ফুড গ্যালারিতে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সৌদি আরব শাখার সভাপতি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ডা. মো. আব্দুর রহমান তার এ ইচ্ছার কথা জানান।
তিনি লিখিত বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে দলকে সুসংগঠিত করার কাজে নিয়োজিত রয়েছেন। এলাকাবাসীর সেবা ও উন্নয়নের স্বার্থে আসন্ন সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের উপনির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান।
‘ইতিমধ্যেই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এ বিষয়ে লিখিতভাবে অবহিত করেছেন ও তার সাক্ষাৎ কামনা করেছেন।’
তিনি এ প্রসঙ্গে আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাকে আওয়ামী লীগের মধ্যপ্রাচ্যের একমাত্র স্বীকৃত সংগঠন সৌদি শাখার সভাপতির দায়িত্ব দিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সাথে তার উপর অর্পিত সে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন। তাই আসন্ন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি অনেকটাই আশাবাদী বলে মনে করেন।
তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সমস্ত অনিয়ম দুর্নীতি, চাঁদা বাজী,জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্রবাদকে কঠোর হস্তে দমন করবেন। পাশাপাশি এলাকার সুসম উন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে গত ২ সেপ্টেম্বর তুরস্কের ইস্তাম্বুলের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ফলে আসনটি শূন্য হয়। এখনো তফসিল ঘোষণা করা না হলেও আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীরা দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
অনেকে আবার মাঠে নেমে গণসংযোগ শুরু করেছেন। অনেকে দলকে সুসংগঠিত করতে দলীয় নেতা-কর্মীদের সাথে মিটিং-সভা করছেন।
এরই ধারাবাহিকতায় এ দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সৌদি আরব শাখার সভাপতি আব্দুর রহমান তার প্রত্যাশার কথা গণমাধ্যমে তুলে ধরেন।